
ফ্ল্যাটের মধ্যে বাবা-মা-ছেলের দেহ উদ্ধারে শোরগোল পড়েছে কসবার রাজডাঙায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে কসবা থানার পুলিশ।
খুন না আত্মহত্যা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। তবে প্রাথমিক তদন্তে অনুমান আত্মহত্যাই করেছেন তিনজন। জানা গিয়েছে কসবার রাজডাঙার গোলপার্কের ওই ফ্ল্যাটে বছর ৭০-র সরজিৎ ভট্টাচার্য, ৬৮ বছরের গার্গী ভট্টাচার্য এবং ৩৮ বছরের ছেলে আয়ুষ্মান থাকতেন। মঙ্গলবার দীর্ঘসময় ফ্ল্যাটে কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। ফ্লাটের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় সন্দেহ আরও বাড়ে। এরপরেই খবর দেওয়া হয় কসবা থানায়। পুলিশ গিয়ে দরজা ভেঙে স্বামী-স্ত্রী এবং সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে খবর আর্থিক সমস্যায় ছিলেন পরিবারটি। তারজন্যই আত্মহত্যা কিনা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।
