
উত্তরাখণ্ডের দেহরাদূনের পর এ বার তামিলনাড়ুর কোয়েম্বাটুর। ২৪ ঘণ্টার মধ্যে আরও এক নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতা অনুকীর্তন। তিনি এ বছরে নিটে বসেছিলেন। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পর থেকে প্রচণ্ড মানসিক চাপে ছিলেন।
পুলিশের কাছে পরিবারের সদস্যেরাও এই দাবি করেছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, নিটের প্রথম পরীক্ষা খুব ভাল দিয়েছিলেন অনুকীর্তন। ভাল নম্বর পাবেন বলেও বাড়ির লোকেদের জানিয়েছিলেন।
কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পর থেকেই তিনি মানসিক চাপে ভুগতে থাকেন। তার মধ্যেও নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার মধ্যেই এই ঘটনায় স্তম্ভিত পরিবারের সদস্যেরা। পুলিশ জানিয়েছে, অনুকীর্তনের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তবে তাতে কী লেখা রয়েছে, তা জানাননি তদন্তকারীরা। পড়ুয়া থেকে অভিভাবকেরা নিট পরীক্ষা বন্ধ করার দাবি জানান।
