
বিছানায় পড়ে রয়েছে নববধূর দেহ, সিলিং ফ্যানে ঝুলছে বরের দেহ। এমনই হাড়হিম করা কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যায়। জানা গিয়েছে, শুক্রবার বিয়ে হয়েছিল সাহাদতগঞ্জের এক যুবকের। শুক্রবার রাতেই স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। তার পর বাড়ির লোকজন এবং আত্মীয়েরা রীতি- রেওয়াজ সেরে ঘুমোতে চলে যান।
নবদম্পতিও তাঁদের ঘরে শুতে যান। শনিবার সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও দু’জনের যখন কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না, তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। বৌভাতের আগের দিনই নবদম্পতির মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। কেন তাঁরা আত্মঘাতী হলেন, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তরের খোঁজ চালাচ্ছে পুলিশ।
