ঘরের মধ্যে অন্তঃসত্ত্বা তরুণীর দেহ উদ্ধার 

0
288
ছবি সৌজন্যে : নিজস্ব
ঘরের মধ্যে থেকে অন্তঃসত্ত্বা তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে। পুলিশ সূত্রে খবর, মৃতা আরবিনা খাতুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দেড়েক আগে খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা আরবিনা খাতুনের সঙ্গে জয়নগর থানার দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের নুরুলাপুর এলাকার বাসিন্দা আজিম সর্দারের বিয়ে হয়।
আরবিনার বাপেরবাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই আজিম ও তার বাড়ির অন্যান্যরা অত্যাচার শুরু করে। বাপেরবাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ। মাসের পর মাস ধরে এই অত্যাচার চলছিল বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে বাপেরবাড়ি থেকে টাকা শ্বশুরবাড়িতে বহুবার নিয়ে গিয়েছেন। কিন্তু তারপরও রেহাই মেলেনি। আরও টাকা নিয়ে আসার জন্য অত্যাচার বাড়ছিল বলে অভিযোগ। মৃতার বাপেরবাড়ির লোকজনের অভিযোগ, টাকা না পেলে মেয়েকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল শ্বশুরবাড়ির লোকজন। এই অবস্থা চলাকালীন জানা যায় ওই তরুণী অন্তঃসত্ত্বা।
অভিযোগ, তারপরেও শারীরিক ও মানসিক অত্যাচার চলছিল বলে অভিযোগ। রবিবার সকালে শ্বশুরবাড়িতেই ওই তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে বাপেরবাড়ির লোকজন সেখানে যান। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পলাতক আজিম সর্দার ও শ্বশুরবাড়ির লোকজনের খোঁজ চলছে।