
নিখোঁজ কিশোর ক্রিকেটারের রহস্যমৃত্যুতে বুন্ধুমার এসএসকেএম। জানা গিয়েছে শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন ওই কিশোর। দেহ মর্গে নিয়ে যেতে বাধা দেয় পরিবারের লোকজন। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।
জানা গিয়েছে হাসনাবাদের মিনাখাঁর নপাড়ার বাসিন্দা বছর ১৫-র দেব ঘোষ বিভিন্ন ক্লাবের হয়ে ক্রিকেট খেলত। দেবের মায়ের দাবি শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল টালিগঞ্জে খেলতে যাবে বলে। এরপর থেকে আর কোনও হদিশ মেলেনি। মোবাইল ফোনও সুইচড অফ ছিল। পরিবারের আরও দাবি হাসনাবাদ থানায় অভিযোগ জানাতে গেলে বলা হয় ২৪ ঘণ্টানা গেলে নিখোঁজ ডায়েরি নেওয়া হবে না। এরপরেই রবিবার পরিবারের কাছে খবর আসে ছেলে এসএসকেএম হাসপাতালে ভর্তি। হাসপাতালে গিয়ে জানা যায় কেউ বা কারা ছেলেকে সায়েন্স সিটিতে বাস থেকে নামার পর তুলে নিয়ে যায়। তারপর মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। সেখানেই কিছু খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ। পরিবারের আরও অভিযোগ দেবকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে আনা হলে প্রথমে দুটো ইঞ্জেকশন দেওয়া হয়। তখনও সুস্থই ছিল। কিন্তু হঠাৎ করে বেলার দিকে শ্বাসকষ্ট শুরু হয়। তারপরেই মৃত্যু হয় দেবের।
খাবারে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। পরিবারের অভিযোগ না জানিয়েই দেহটি মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এসএসকেএমে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় পরিবারের সদস্যদের সঙ্গে।





