
অবাক করা কথা জানিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান। দিল চাহতা হ্যায়, লগান, রং দে বসন্তী, থ্রি ইডিয়টস-এর মতো সিনেমা তাঁর ঝুলিতে।
কিন্তু তারপরও আত্মবিশ্বাসে ছিল ঘাটতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা নিজেই জানিয়েছেন আমির।আমিরের শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। যদিও নব্বইয়ের দশকের চকোলেট বয়-এর ফ্যান ফলোয়ারের কোনও অভাব ছিল না। উচ্চতার জন্য তেমন কিছু প্রভাবও পড়েনি তার অভিনয় জীবনে। কিন্তু আমির নিজে নাকি হীনমন্যতায় ভুগতেন।তথাকথিত লম্বা-চওড়া নায়ক না হওয়ার আক্ষেপ ছিল তার। সাক্ষাৎকারে অভিনেতা স্বীকার করে নিয়েছেন হীনমন্যতার কথা। তিনি বলেছেন, ভাবতেন, উচ্চতার জন্য দর্শক যদি তাঁকে গ্রহণ না করে। এই নিয়ে সত্যিই ভয় পেতেন। কিন্তু পরে বুঝলেন, এ সবের তেমন কোনও গুরুত্বই নেই। কিন্তু প্রথম দিকে উচ্চতা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন আমির খান। তবে এই প্রথম নয়। তালাশ সিনেমার সময়েও আমির উচ্চতা নিয়ে হীনমন্যতার কথা বলেছিলেন। জানিয়েছিলেন, তাকে নাকি অনেকেই খোঁচা দিয়ে খাটো বলে ডাকতেন। প্রথম দিকে খারাপ লাগলেও, পরে এই ধরনের মন্তব্য আর প্রভাব ফেলেনি আমিরের ওপর।ক্রমশ বুঝেছেন বাইরের সৌন্দর্যই সব কিছু নয়। তিনি বলেছেন, কতটা সৎ ভাবে একজন কাজ করছে আর সেই কাজ মানুষকে কী ভাবে আলোকিত করছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি কোনও কিছুর কোনও গুরুত্ব নেই।উল্লেখ্য,আমিরকে শেষ দেখা গিয়েছে লাল সিংহ চড্ডা ছবিতে।
২০২২-এর এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। বর্তমানে আমির খান আসন্ন ছবি সিতারে জমিন পার নিয়ে ব্যস্ত।
