
পায়ে গুলির ঘটনায় তদন্তে অসংগতির অভিযোগের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা গোবিন্দা।
মঙ্গলবার ভোরে নিজের রিভলবার থেকেই গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি।তড়িঘড়ি বাড়ির কাছেই জুহুর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রায় ১০ টা সেলাই হয়। অবশেষে শুক্রবার সকালে হাসপাতল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা। তবে এখনই হাঁটাচলা করতে পারছেন না। পায়ে ব্যান্ডেজ বর্ম দিয়ে মোড়া, হুইলচেয়ারে বসেই বাইরে বেড়িয়েছেন গোবিন্দা।পরনে কালো কুর্তা পাজামা। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাইরে অপেক্ষারত অনুরাগীদের উদ্দেশে হাত জোর করে গোবিন্দা বলেছেন, আই লভ ইউ, সকলকে ধন্যবাদ। অভিনেতার স্ত্রী সুনীতা আহুজা সকালেই গোবিন্দার ছাড়া পাওয়ার সংবাদ দেন। স্বাভাবিক ভাবেই স্বস্তি ফিরেছে আহুজা পরিবারে। সুনীতা আহুজা বলেছেন, গোবিন্দা বাড়ি ফিরছেন এর থেকে খুশি আর কি হতে পারে, নবরাত্রি শুরুতেই বাড়ি ফিরছেন। ঈশ্বর সকলের মঙ্গল করুন।অন্যদিকে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জুহু থানার পুলিশ। যদিও তদন্তে নেমে অভিনেতার বয়ানে নাকি বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন তাঁরা।
