
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম নির্মাতা অনুরাগ কাশ্যপ এবার যুক্ত হলেন বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র, দেলুপি’র সঙ্গে। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত এই সিনেমাটির বিশ্বজুড়ে পরিবেশনার দায়িত্ব নিয়েছেন তিনি।
ফলে এখন থেকে ছবিটি পরিচিত হবে অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি নামে। নো স্মোকিং, গ্যাংস অব ওয়াসিপুর, ব্ল্যাক ফ্রাইডে’সহ একাধিক আলোচিত সিনেমার নির্মাতা অনুরাগ কাশ্যপ ভারতীয় সমান্তরাল চলচ্চিত্রধারার অন্যতম গুরুত্বপূর্ণ নাম। তাঁর মতো একজন নির্মাতার সম্পৃক্ততাকে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য বড় অর্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিশ্চিত করেছেন দেলুপি’র বাংলাদেশি নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে ছবিটির পরিবেশক হিসেবে যুক্ত হয়েছেন অনুরাগ কাশ্যপ। ফলে এখন থেকে সিনেমাটির সব প্রচারমূলক উপকরণে লেখা থাকবে, অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি। এর পর অনেক কিছুই লেখা যায়। কিন্তু সত্যি বলতে, যাই লেখা হোক না কেন, সেটা দিয়ে এই মুহূর্তে অনুভূতিটা ঠিক বোঝানো সম্ভব না। একটি স্বাধীন বাংলাদেশি চলচ্চিত্রের কাঁধে কাঁধ মিলিয়ে অনুরাগ কাশ্যপের মতো একজন নির্মাতার দাঁড়ানো শুধু একটি স্বীকৃতি নয়, বরং সামনের পথচলার জন্য এক বিশাল অনুপ্রেরণা।
পোস্টের শেষাংশে অনুরাগ কাশ্যপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দর্শকদের ভালোবাসার জন্যও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের,দেলুপি টিম। উল্লেখ্য,গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া দেলুপি পরিচালনা করেন মোহাম্মদ তাওকীর ইসলাম। খুলনার একটি প্রত্যন্ত গ্রামের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নেয় দেলুপি ছবিটি।








