
বলিউডের অন্যতম সফল অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ধুম মানেই স্টাইলিশ খলনায়ক। জন আব্রাহাম থেকে হৃত্বিক রোশন, আমির খান,প্রতিটি পর্বেই ভিলেন চরিত্র দর্শকের মনে আলাদা ছাপ ফেলেছে।
এবার সেই তালিকায় নতুন নাম যোগ হতে চলেছে কি? বলিপাড়ার অন্দরমহলে জোর জল্পনা,ধুম ফোর-এ খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে রণবীর কাপুরকে।উল্লেখ্য ২০০৪ সালে মুক্তি পাওয়া প্রথম ধুম-এ জন আব্রাহামের বাইক-পাগল খলচরিত্র দর্শকের মনে ঝড় তোলে।ধুম টু-এ সেই ধারাকে আরো উঁচুতে নিয়ে যান হৃত্বিক রোশন, সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের রসায়নও ছবিকে আলাদা মাত্রা দেয়। যদিও ,ধুম থ্ৰী-তে আমির খানের অভিনয় সাড়া ফেললেও বক্স অফিসে আগের দু’ পর্বের সাফল্য ছুঁতে পারেনি ছবি। তাই ধুম ফোর নিয়ে প্রত্যাশা এবার আরো বেশি।সূত্রের খবর, খলচরিত্রকে আবারও গল্পের কেন্দ্রে রাখতে চান নির্মাতারা।সেই ভাবনা থেকেই রণবীর কাপুরের মতো শক্তিশালী অভিনেতার নাম সামনে এসেছে। অ্যানিম্যাল-এর মতো ছবিতে তাঁর তীব্র ও গ্রে শেডের অভিনয় দর্শক-সমালোচকদের নজর কাড়ায়, যা ,ধুম-এর স্টাইলিশ ভিলেনের চরিত্রের সঙ্গে মানানসই বলেই মনে করছেন অনেকেই।তবে এখনই নিশ্চিত কিছু নয়। জানা যাচ্ছে, যশরাজ ফিল্মস এখনো চিত্রনাট্য চূড়ান্ত করতে পারেনি।গত এক দশকেরও বেশি সময় ধরে ধুম ফোর-এর গল্প নিয়ে কাজ চলছে এবং এরই মধ্যে নাকি নয়টি চিত্রনাট্য বাতিল করেছেন প্রযোজক আদিত্য চোপড়া। ফলে কাস্টিং নিয়েও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।এদিকে রণবীর কাপুরও ব্যস্ত একাধিক বড় প্রজেক্টে। সামনে রয়েছে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার, নীতেশ তিওয়ারির রামায়ণ এবং এরপর সন্দীপ রেড্ডী ভাঙ্গার অ্যানিম্যাল পার্ক।
এর আগে যশরাজের শামশেরা’য় অভিনয় করলেও সেই ছবি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি।সব মিলিয়ে ধুম ফোর-এ রণবীর কাপুরকে খলনায়ক হিসেবে দেখা যাবে কি না, তা এখনো ধোঁয়াশায়।তবে যদি এই জল্পনা সত্যি হয়, তাহলে,ধুম ফ্র্যাঞ্চাইজিতে আবারও এক স্মরণীয় ভিলেন পাওয়ার আশা করতেই পারেন দর্শকরা।
