
সংসদ অধিবেশনের মধ্যেই দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনে বোমাতঙ্কের ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে।শুক্রবার দুপুরে রাজধানীর চাণক্যপুরী এলাকার হাই প্রোফাইল সরকারি অতিথিশালায় সন্দেহজনক দুটি বস্তু ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, পাঁচিলের ওপার থেকে বঙ্গভবনে ছোড়া হয় সন্দেহজনক দুটি বস্তু। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। এরপরেই নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক খবর দেন দিল্লি পুলিশকে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ এবং বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড। গোটা চত্বর পরীক্ষা করে সন্দেহজনক বস্তু দুটিকে নিয়ে যায় দিল্লি পুলিশের টিম। বঙ্গভবনের পিছন দিকে, যেখান থেকে সন্দেহজনক বস্তুদুটি ছোড়া হয়, সেখানেও তল্লাশি চলেছে।জানা গিয়েছে, ইতিমধ্যেই বোমা নিষ্ক্রিয়কারী দল ওই দুই সন্দেহজনক বস্তু বঙ্গভবন থেকে উদ্ধার করেছে। কোনওরকম হতাহতের ঘটনা ঘটেনি। প্রসঙ্গত, দিল্লিতে গেলে হাই প্রোফাইল এই বঙ্গ ভবনেই ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিবিদদের আনাগোনা লেগেই থাকে সেখানে।এদিকে, চলছে সংসদের অধিবেশন, কয়েকদিন পরে হবে দিল্লি ভোটও। এছাড়াও এই ভবনের আশপাশেই রয়েছে একাধিক বিদেশি দূতাবাস।
আছে একাধিক হাই কমিশনের অফিস। সেখানে কে বা কারা এই সন্দেহজনক বস্তু নিরাপত্তায় মোড়া এই সরকারি ভবনে ছুড়ে পালালো, তা খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশি চলছে গোটা এলাকায়।
