
ভোটের আবহে উত্তরপ্রদেশের কানপুরে অন্তত দশটি স্কুলে বোমাতঙ্কে শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, ওই হুমকির মেল পাঠানো হয়েছে রুশ সার্ভার থেকে।
ঠিক যেমন কয়েকদিন আগে দিল্লি ও আহমেদাবাদের স্কুলে ইমেল পাঠানো হয়েছিল বোমার হুমকি দিয়ে।ইতিমধ্যেই স্কুলগুলোতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।স্কুলগুলি ঘিরে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড। পুলিশ তদন্ত শুরু করেছে। সম্প্রতি দিল্লি, নয়ডা, জয়পুর, লখনউ ও আহমেদাবাদের বিভিন্ন স্কুলেও একই রকম হুমকি ইমেল ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল।কিন্তু সন্দেহজনক কিছুই মেলেনি তল্লাশি চালিয়ে। তারপর থেকে লাগাতার বিভিন্ন শহরে এভাবেই হুমকি দেওয়া হয়েছে। এমনকী, তিন দিন আগে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ও দশটি হাসপাতাল ওড়ানোর হুমকি দেওয়া হয়েছিল। পরে দিল্লি পুলিশ জানিয়েছিল, এটা পুরোপুরি গুজব। কোন দুষ্কৃতী এর পিছনে রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
