
দিল্লিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যে এবার একটি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, শুক্রবার ইমেলে হুমকিবার্তা পায় রোহিণীর ওই স্কুল।
হুমকি দেওয়া হয়, বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়া হবে। আর এই হুমকিবার্তা পাওয়ার পরই স্কুল কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পড়ুয়াদের দ্রুত বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় অভিভাবকদের। খবর পেয়ে স্কুলে আসে পুলিশ এবং বম্ব স্কোয়াড। আসে দমকলও। পুলিশ জানিয়েছে, গোটা স্কুল খালি করিয়ে তল্লাশি চালানো হয়। কিন্তু কোথাও সন্দেহজনক কিছু মেলেনি। তবে কোথা থেকে এই হুমকিবার্তা এসেছিল, বার্তাপ্রেরক কে বা কারা তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে প্রশান্ত বিহারে বৃহস্পতিবার বোমা বিস্ফোরণের ঘটনার পর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশ।
ঘটনাচক্রে, বৃহস্পতিবার প্রশান্ত বিহারের যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখান থেকে রোহিণীর এই স্কুল এক কিলোমিটার দূরে। তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয় স্কুল পরিসর এবং আশপাশের জায়গাগুলিতে।







