
৫০ লাখ টাকা দাবি করে উত্তরপ্রদেশের লখনউয়ের ১০টি বিলাসবহুল হোটেলে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, লখনউয়ের মেরিয়ট, সারাকা, কমফর্ট ভিস্তা, ফরচুনার মতো নামী ১০ হোটেলে পাঠানো হয় ইমেল। যেখানে বলা হয়, হোটেলের মধ্যে একটি কালো ব্যাগে রাখা রয়েছে শক্তিশালী বোমা।তাঁরা যদি এই বোমায় বিস্ফোরণ ঘটান তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে। বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করলে তা নিজে থেকেই ফেটে যাবে। যদি বাঁচতে চান তাহলে তাদের ৫০ লাখ টাকা পাঠান।এমন ইমেল হোটেল কর্তৃপক্ষের নজরে আসতেই সঙ্গে সঙ্গে পুলিশের কাছে বিষয়টি জানানো হয়। হোটেলের কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশ গিয়ে তল্লাশি চালায় হোটেলগুলিতে। যদিও তাতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারনা আতঙ্ক ছড়াতে ভুয়ো ইমেল করেছেন কেউ বা কারা।
কথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।অবশ্য এই ঘটনা প্রথমবার নয়, এর আগে এমনই হুমকি ইমেল এসেছিল অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির সংলগ্ন ৩টি হোটেল।
ছবি সৌজন্যে : এক্স
