
নন্দীগ্রামে বিজেপি নেত্রীর বাড়ির কাছ থেকে ড্রামভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি নেত্রী মামণি জানার অভিযোগ, তাঁদের বাড়িতে হামলার লক্ষ্যে বোমাগুলি জড়ো করেছিল তৃণমূল।
পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য বিজেপির লোকজনই বোমা মজুত করেছিলেন। ৮ ডিসেম্বর তমলুক সমবায়ের ভোট গণনার দিন বিজেপি নেত্রী মামণি বোমার আঘাতে আহত হন। চিকিৎসার পরে সম্প্রতি বাড়ি ফিরেছেন তিনি। মামণি জানান, সোমবার সকালে বোমাগুলি তাঁদের নজরে আসে। খবর পেয়ে তেখালি ফাঁড়ির পুলিশ এসে বোমাগুলিকে জলে ডুবিয়ে নিষ্ক্রিয় করেছে। মামনি বলেছেন, নন্দীগ্রামের কাঞ্চননগরে সমবায়ের ভোট চলার সময় একের পর এক বোমা ছুড়ে মারা হয়েছিল। বোমার আঘাতে তিনি আহত হয়েছিলেন। ওই ঘটনার প্রেক্ষিতে এনআইএ অ্যাক্টে এলাকার কয়েক জন দুষ্কৃতীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
সেই মামলা তুলে নেওয়ার জন্য আমাকে লাগাতার চাপ দেওয়া হচ্ছিল। সেই কারণে আমাকে প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে। পুলিশ জানিয়েছে, যাঁরা বোমা রেখেছিলেন, তাঁদের খোঁজ চলছে। তবে এখনও কাউকে চিহ্নিত করা যায়নি।








