
লালকেল্লা, দিল্লির সচিবালয় এবং দু’টি স্কুলে বোমা রাখা আছে বলে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ভোরে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এমন ফোন কল ঘিরে হইচই পড়ে যায়।
সঙ্গে সঙ্গে বিষয়টা জানানো হয় দিল্লি পুলিশকে। এর পরেই শুরু হয় তল্লাশি অভিযান। তবে তল্লাশিতে বোমা বা অন্য কোনও বিপজ্জনক বস্তুর হদিশ মেলেনি। দিল্লি পুলিশ জানিয়েছে, এটি ভুয়ো কল।
দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জানায়, লাল কেল্লা এবং দিল্লির সচিবালয়ে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে হুলস্থূল পড়ে যায়। মুম্বই পুলিশ দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে। তার পরেই লালকেল্লা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। স্নিফার ডগ নিয়ে শুরু হয় তল্লাশি। দিল্লির সচিবালয়েও পৌঁছে যায় দিল্লির পুলিশের একটি দল।
