
আমেদাবাদ বিমানবন্দরে বোমাতঙ্ক-র ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।জানা গিয়েছে, মঙ্গলবার বেলায় আমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হুমকি ইমেল পাঠানো হয়। সেখানে লেখা হয়, বিমানবন্দরের ভিতরে বোমা রাখা আছে।
বিস্ফোরণের ফলে মৃত্যু হবে বহু মানুষের। নিরাপত্তার কথা মাথায় রেখে ফাঁকা করে দেওয়া হয় গোটা বিমানবন্দর চত্বর। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বম্ব স্কোয়াড, দমকল এবং উদ্ধারকারী দল। সূত্রের খবর, ইতিমধ্যেই বিমানবন্দরজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
তবে এখনও পর্যন্ত সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কিন্তু কে বা কারা এই হুমকিবার্তা পাঠালো, তা এখনও স্পষ্ট নয়। ইমেলে যে নাম রয়েছে সেটিও ভুয়ো বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।








