
ফের বোমাতঙ্ক ছড়িয়েছে পাঞ্জাবের মোহালির বিভিন্ন স্কুলে। মঙ্গলবার সকালে ফের মোহালির বেশ কিছু স্কুলে একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছে।
সেগুলিতে মোহালির এক হাসপাতালের নামও উল্লেখ করা হয়েছে। ওই হাসপাতালেই রবিবার ভর্তি করানো হয়েছিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-কে। সোমবার তাঁকে ছুটিও দেওয়া হয় হাসপাতাল থেকে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, হাসপাতাল থেকে ছুটির পরক্ষণেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং পুনরায় সেখানে ভর্তি করানো হয় ভগবন্ত মানকে। হুমকি ইমেল পাওয়ার পরেই ওই হাসপাতাল চত্বরেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
গত সাত দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার মোহালিতে বোমাতঙ্ক ছড়িয়েছে। গত বুধবার মোহালির অন্তত ১৬টি স্কুলে বোমা থাকার ভুয়ো তথ্য পাঠানো হয়েছিল।









