
দিল্লি থেকে বাগডোগরার পথে উড়েছিল ইন্ডিগো সংস্থার বিমান,বোমাতঙ্কের কারণে রবিবার সকালে লখনউয়ে জরুরি অবতরণ করেছে সেই বিমান। তাতে সওয়ার ছিলেন ২৩৮ জন যাত্রী।
লখনউয়ের অ্যাসিসট্যান্ট কমিশনার রজনীশ বর্মা জানিয়েছেন, বিমানের শৌচালয়ে একটি টিস্যু পেপার মেলে, যাতে লেখা ছিল, বিমানে বোমা রয়েছে। তা দেখার পরে আতঙ্ক ছড়ায় বিমানে। দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার সময়ে মাঝ-আকাশে সেই টিস্যু কাগজ উদ্ধার হয়। বিমানটিকে তড়িঘড়ি লখনউ বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয় সেটিকে। যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এসিপি বর্মা জানিয়েছেন, বিমানে শুরু হয় তল্লাশি। লখনউ বিমানবন্দরে বিমানটি যেখানে রাখা হয়েছে, সেখানে পৌঁছেছে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং সিআইএসএফ। তারা তদন্ত করে দেখছে। যাত্রীদেরও পরীক্ষা করা হচ্ছে।
ইন্ডিগো সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৬ই ৬৬৫০ বিমানটিতে মাঝআকাশে বোমাতঙ্ক ছড়ায়। সেটি লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ইন্ডিগোর তরফে আরও জানানো হয়েছে, যাত্রীদের সমস্যা কমানোর সব রকম চেষ্টা করা হচ্ছে। বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর নাভেদ নিজাম বলেছেন, দিল্লি থেকে বাগডোগরার উদ্দেশ্যে একটি বিমান আসছিল, সেটিকে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে।





