
কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক-র ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। শনিবার কলকাতা বিমানবন্দর থেকে সকাল ৯ টা ৫ মিনিটে ফ্লাইটটির টেকঅফ করার কথা ছিল।
বোর্ডিংয়ের সময়ে এক কেবিন ক্রু টয়লেটে একটি চিরকুট খুঁজে পান। তাতে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া ছিল। তড়িঘড়ি বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানটিকে দূরে নিয়ে গিয়ে তল্লাশি করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ফ্লাইটটি থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, কী ভাবে ওই চিরকুট টয়লেটে রাখা হলো, তার তদন্ত শুরু হয়েছে।
কে বা কারা ওই বিমানে হুমকি-চিরকুট রাখল, কারাই বা হুমকি দিল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছেন উচ্চপদস্থ আধিকারিকরা।








