
গুজরাটের আমেদাবাদ একের পর এক স্কুলে ছড়িয়েছে বোমাতঙ্ক। বডোদরার কিছু স্কুলও বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
সোমবার সকালে দুই শহর মিলিয়ে প্রায় ১৩টি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। আমেদাবাদ জেলা শিক্ষা আধিকারিক জানান, হুমকি ইমেলগুলিতে খলিস্তানপন্থী বার্তা দেওয়া ছিল। সেখানে লেখা আছে, ভারতকে খলিস্তান বানিয়ে দেব। সোমবার সকালে স্কুলগুলি খোলার পরে এই হুমকি ইমেলগুলি নজরে আসে। প্রায় সবগুলি ইমেলেরই ভাষ্য একই। বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে স্কুলগুলিকে। এই হুমকি ইমেলগুলি স্কুল কর্তৃপক্ষের নজরে আসতেই তাঁরা পুলিশে খবর দেন।
ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ওই স্কুলগুলিতে ডগ স্কোয়াড নিয়ে পৌঁছে গিয়েছে পুলিশ। বম্ব স্কোয়াডও পৌঁছেছে স্কুলগুলিতে। প্রতিটি স্কুলে তল্লাশি শুরু হয়েছে।
