
৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মুম্বইয়ের নায়ার হাসপাতাল এবং মুম্বই বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। নায়ার হাসপাতালের ডিনকে সরাসরি একটি ইমেল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে। একই সময়ে মুম্বই বিমানবন্দরেও একটি বোমা হামলার হুমকি আসে। রবিবার মুম্বই পুলিশ জানিয়েছে, হুমকির খবর পেয়েই তৎক্ষণাৎ নিকটবর্তী থানা গুলিকে এই বিষয়ে জানানো হয়।
এর পরে দু’টি জায়গাতেই ছুটে যায় বম্ব স্কোয়াডের কর্মীরা। কিন্তু কোথাও কোনও সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। এখন কে বা কারা এই হুমকি ইমেল পাঠিয়েছে, তার সন্ধান করছে পুলিশ। দু দিন আগেই মুম্বই ট্রাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে লস্কর-ই-জিহাদি নামে একটি গোষ্ঠীর নাম করে গণেশ চতুর্দশীর আশেপাশের সময়ে বড় মাপের হামলার হুমকি দেওয়া হয়েছিল।
তাতে বলা হয়েছিল, মুম্বই শহর জুড়ে ৩৪টি গাড়িতে ৪০০ কেজি আরডিএক্স নিয়ে ৩৪ জন মানববোমা হামলা চালানো হবে। এর পরে উচ্চ সতর্কতা জারি করেছিল মুম্বই পুলিশ এবং পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছিল। শনিবার ৬ সেপ্টেম্বর নয়ডা থেকে বিহারের বাসিন্দা এক ৫০ বছর বয়সি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
