
ফের বোমা হামলার হুমকি দিল্লির ডিপিএস স্কুলে। ফোনে বোমার হুমকি আসতেই তড়িঘড়ি স্কুল খালি করে দেওয়া হয়। নিরাপদে সরিয়ে নেওয়া হয় ছাত্রছাত্রী ও শিক্ষকদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস ও বম্ব ডিসপোজাল টিম।
স্কুল চত্বরে শুরু হয়েছে তল্লাশি। দিল্লি ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে, বম্ব ডিসপোজাল টিম স্কুলের প্রতিটা অংশ খতিয়ে দেখছে। যদিও এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক মেলেনি। প্রসঙ্গত, এর আগে চলতি বছরের জুলাই মাসে বেঙ্গালুরুর অন্তত ৪০টি বেসরকারি স্কুলে বোমার হুমকি এসেছিল।
ইমেল করে হুমকি দেওয়া হয়, একাধিক শ্রেণিকক্ষে ট্রাইনাইট্রোটলুইন রাখা হয়েছে বলে জানানো হয়। সঙ্গে ছিল ভয়ঙ্কর বার্তা। বিপুল সংখ্যক পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ দল ও জরুরি পরিষেবা নামানো হয় তল্লাশিতে। যদিও শেষ পর্যন্ত কোনও বিস্ফোরক মেলেনি। দিল্লিতেও এমন ঘটনা একাধিকবার হয়েছে। দিল্লির বহু স্কুল আগেও বোমার হুমকি পেয়েছে।








