
বিহারের পাটনা বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল পাঠানো হয়েছে। পুলিশ এবং বম্ব স্কোয়াড বিমানবন্দর তন্নতন্ন করে তল্লাশি চালায়।
তবে বিস্ফোরক কোন কিছুই উদ্ধার হয়নি। পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সোমবার রাতে পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে।
গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান জারি ছিল। মঙ্গলবার এই বোমা হামলার হুমকি মেল প্রকাশ করেছে পাটনা বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ইমেলটি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। যদিও কোনওরকম ঝুঁতি নিতে প্রস্তুত নয় বিমানবন্দর কর্তৃপক্ষ। একটি উচ্চ-স্তরে বৈঠক ডাকা হয় এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
