
ভোটের আগেই মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বদলাপুরকাণ্ডে এনকাউন্টারে নিহত অভিযুক্তের মা। তাঁর দাবি, তাঁর ছেলেকে এভাবে ফাঁসানোর পর থেকেই বহু ক্ষতি হয়েছে তাদের পরিবারের।
খুইয়েছেন সম্মান, এমনকি ছাড়তে হয়েছে বসতবাড়িও। অন্যদিকে, পুলিশ হেফাজতে অভিযুক্তের মৃত্যু নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল বম্বে হাইকোর্ট। এবার ওই ঘটনার তদন্তে সিআইডির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে দুই বিচারপতির বেঞ্চ।ওই মামলার শুনানিতে বিচারপতি রেবতী মোহিতে ডেরে এবং বিচারপতি পৃথ্বীরাজ চহ্বণের ডিভিশন বেঞ্চ সিআইডির তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। দুই বিচারপতির বক্তব্য, প্রাসঙ্গিক বহু প্রমাণ সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন তদন্ত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট।২৩ সেপ্টেম্বর বদলাপুরে নার্সারির দুই পড়ুয়াকে নিগ্রহের অভিযোগে ধৃত অক্ষয় শিন্ডেকে জেল থেকে থানায় নিয়ে আসার পথে এনকাউন্টারে মৃত্যু হয় তাঁর। অভিযোগ, গাড়িতে একবার জল খেতে চেয়েছিলেন অক্ষয় শিন্ডে। সে সময় কয়েক মিনিটের জন্য তাঁর হাতকড়া খুলে দেয় পুলিশ। তখনই আচমকা এক কনস্টেবলের বন্দুক কেড়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। তাঁর ছোড়া গুলিতে এক পুলিশকর্মী আহতও হন।
তাঁকে আটকাতে পুলিশ পাল্টা গুলি চালালে জখম হন অক্ষয় শিন্ডে। শেষে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
