
অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ মানেই মাঠের ভেতরে ক্রিকেটীয় লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরে উৎসবের আমেজ।তবে সিডনির বন্ডাই সৈকতে সাম্প্রতিক বন্দুক হামলার ঘটনায় সেই উৎসবে নেমে এসেছে শোকের আবহ।
হতাহতদের প্রতি সম্মান জানাতে অ্যাশেজের অ্যাডিলেইড টেস্টে থাকছে নানা আনুষ্ঠানিকতা।বুধবার শুরু হতে যাওয়া অ্যাডিলেড টেস্টে দু’ দলই মাঠে নামবে কালো ফিতা বেঁধে।স্টেডিয়ামে জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত।খেলা শুরুর আগে নিয়ম অনুযায়ী দুই দেশের জাতীয় সংগীত বাজানো হবে, তবে তার আগে এক মিনিট নিরবতা পালন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।এছাড়া শ্রদ্ধাঞ্জলির অংশ হিসেবে অস্ট্রেলিয়ার জনপ্রিয় লোকসংগীত শিল্পী জন উইলিয়ামস তার বিখ্যাত গান,ট্রু ব্লু পরিবেশন করবেন।উল্লেখ্য,রবিবার সিডনির ব্যস্ত ও জনপ্রিয় বন্ডাই সৈকতে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে। পুলিশ জানিয়েছে, ইহুদি সম্প্রদায়ের হানুক্কা অনুষ্ঠানকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। সৈকতসংলগ্ন একটি ছোট পার্কে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
এই ঘটনায় গভীরভাবে নাড়া খেয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স, তিনি নিজেও সিডনির সন্তান। বন্ডাই বিচ থেকে খুব দূরেই তার বাড়ি। টেস্ট শুরুর আগের দিন কামিন্স বলেছেন, ঘটনাটি তাকে ও তার পরিবারকে গভীর আতঙ্কে ফেলেছে।
