
গত বছর জুলাইয়ে দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠাক্ককের সঙ্গে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বাগদান সেরেছিলেন বনি কাপুরের আদুরে কন্যা অংশুলা কাপুর। প্রিয়তমার সামনে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দেন রোহন।
একে অপরের সঙ্গে ভালবাসায় একেবারে গদগদ, সোশাল মিডিয়া পোস্টে ছিল তারই ঝলক। ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে জীবনের নতুন অধ্যায় সেলিব্রেশনের রঙিন মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন অংশুলা-রোহন। এবার উৎসবের আনন্দে মাতবেন কাপুর পরিবারে সদস্যরা! ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে তো পাওয়া যাচ্ছে এমনই আভাস। মিডিয়া রিপোর্ট মোতাবেক, কয়েকদিনের মধ্যেই কাপুর পরিবারে অনুষ্ঠিত হতে চলেছে এক জমজমাট পারিবারিক অনুষ্ঠান। ৬ জুলাই চিত্রনাট্যকার রোহন ঠাক্করের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করবেন অংশুলা। জানা যাচ্ছে, বনি কাপুর ইতিমধ্যেই ঘনিষ্ঠদের বিয়ের তারিখ জানিয়ে দিয়েছেন। পরিচালক রুমি জাফেরি ও অভিনেতা অক্ষয় খান্নাকে নাকি সংশ্লিষ্ট দিনে কোনও কাজ না রাখার কথা বলে দিয়েছেন।অনিল কাপুর, সঞ্জয় কাপুরের কাছেও একই বার্তা পৌঁছেছে বলেই খবর।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি। শোনা যাচ্ছে, অর্জুন কাপুর নিজে বোনের বিয়ের কেনাকাটায় ব্যস্ত রয়েছেন। বড় দাদার ভূমিকা পালনে কোনও ত্রুটি রাখতে নারাজ অর্জুন। তাই দায়িত্ব সহকারে বিয়ের ভ্যেনু থেকে মেনু সবকিছু দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অর্জুন। কাপুর পরিবারের বিয়েতে উপস্থিত থাকার কথা জাহ্নবী কাপুর, খুশি কাপুর থেকে সোনম কাপুর, হর্যষবর্ধন কাপুর সহ সানায়া ও রেহা কাপুরের। এই মুহূর্তে জাহ্নবী ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি পেড্ডি’র শুটিংয়ে। অন্যদিকে খুশি সম্প্রতি গ্রিস থেকে মম টু ছবির কাজ শেষ করে ফিরেছেন।
