
ভারত-বাংলাদেশ সীমান্তে অন্তত ৯২টি জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ আটকে রয়েছে। ১৬-১৯ ফেব্রুয়ারি দিল্লিতে বিএসএফ ও বিজিবির ডিজি পর্যায়ের বৈঠকে মূলত এই বিষয়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
তবে বিজিবি-র শীর্ষ আধিকারিকের ওই সফরের আগেই ইন্ডিয়া এনার্জি উইক, ২০২৫ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রকের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে এটিই সে দেশের কোনও সরকারি প্রতিনিধি দলের প্রথম সফর হতে চলেছে। ১০-১২ ফেব্রুয়ারি সম্মেলন উপলক্ষে দিল্লিতে থাকবেন মুহাম্মদ ফাওজুল কবির খান। তাঁর পরেই ভারতে আসার কথা রয়েছে বিজিবি প্রধানের।প্রতি বছর বিএসএফ ও বিজিবি-র শীর্ষ আধিকারিকদের বৈঠক সাধারণত নভেম্বর মাসে হত। এবার বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জন্য ওই বৈঠক ফেব্রুয়ারি মাসে হতে চলেছে। এবার ওই বৈঠক হবে দিল্লিতে বিএসএফের সদর দফতরে। বৈঠকে উপস্থিত থাকবেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধরি ও বিজিবি-র ডিজি মেজর জেনারেল এম এ সিদ্দিকী। সূত্রের খবর, এবারের বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে চলতে থাকা সাম্প্রতিক বিবাদ, যার নিরসন করাই মূল লক্ষ্য হবে উভয় পক্ষের।বিএসএফ সূত্রের দাবি, সব মিলিয়ে ভারত-বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার লম্বা সীমান্তের একশোরও বেশি জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে সমস্যা রয়েছে।
অতীতে এরমধ্যে ৯২টি স্থানে বেড়া দেওয়া নিয়ে নীতিগত ভাবে ঐকমত্যে পৌঁছেছিল দু’দেশের সরকার। এগুলির অধিকাংশ পশ্চিমবঙ্গে। কিছু রয়েছে অসম-ত্রিপুরাতে।






