
টানা ভারী বৃষ্টির কারণে কেদারনাথ জাতীয় সড়কে ধস নেমে পাথরের চাঙড় গাড়ির ওপর পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। তাঁদের নাম রিতা, চন্দ্র সিংহ। তাঁরা উত্তরকাশীর বারকোটের বাসিন্দা। আহত আরও ছয় জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
উত্তরাখণ্ডের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডের মাঝে মানকাটিয়ায় এই ঘটনা হয়েছে। ধসের কারণে পাহাড়ের গা বেয়ে বোল্ডার, পাথরখণ্ড নামতে থাকে। সে সময় ওই পাহাড় সংলগ্ন জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল গাড়িটি। তার উপরে পড়ে বোল্ডার। রুদ্রপ্রয়াগের জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগের অফিসার নন্দন সিংহ রাজওয়ার জানিয়েছেন, দুর্ঘটনায় দু’জন প্রাণ হারিয়েছেন।
কেদারনাথে যাচ্ছিলেন। আহতেরাও উত্তরকাশীর বাসিন্দা। তাঁরা হলেন মোহিত চৌহান, নবীন সিংহ রাওয়াত, প্রতিভা, মমতা, রাজেশ্বরী, পঙ্কজ। গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে। তার জেরে জেলার বিভিন্ন অংশে প্রাণহানি লেগেই রয়েছে। বৃষ্টির জেরে হওয়া দুর্ঘটনায় রবিবার তেহরি এবং পিথোরাগড়ে এক জন করে প্রাণ হারিয়েছেন।
