
আবারও আতঙ্ক ফিরল বউবাজারে। এবার মদন দত্ত লেনে একটি বাড়ির চাঙর ভেঙে পড়ে আহত হয়েছেন এক ব্যক্তি।
জানা গিয়েছে দুপুরের দিকে হঠাৎ করেই চাঙর ভেঙে পড়ায় চোট পান ওই বাড়ির এক সদস্য। পাপ্পু সিং নামে ওই ব্যক্তির মাথা এবং কাঁধে চোট লাগে। তাঁর পরিবারের অভিযোগ মেট্রো যাওয়ার জন্য কম্পনের কারণে চাঙর ভেঙে পড়েছে। বাসিন্দাদের দাবি সুড়ঙ্গ তৈরির সময় দীর্ঘদিন বাড়ি ছেড়ে হোটেলে ছিলেন তাঁরা। পরে মেট্রো কর্তৃপক্ষের অনুমোদনেই আবারও বাড়িতে ফিরেছেন। সেই সময় বাড়িটিকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে। ওই বাড়িতে আরও ১৫টি পরিবারের বাস। এদিকে খবর পেয়ে এলাকায় পৌঁছন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তিনি। বছর ছয়েক আগে মেট্রোর কাজের সময় বউবাজারের দুর্গাপিতুরি লেনে একের পর এক বাড়িতে ফাটল ধরেছিল।
বাসিন্দারা বাড়ি ছেড়ে হোটেলে উঠেছিলেন। অনেকদিন আটকে থাকে মেট্রোর কাজ। এরপর কেটে গিয়েছে অনেকটা সময়। এখন বউবাজারের নীচ দিয়ে মেট্রো যাওয়া আসা করে। এরইমধ্যে চাঙর ভেঙে পড়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বউবাজারে। মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যে বাড়ির মেরামতের কাজ শুরু করেছে।







