
মায়ের চিকিৎসা করিয়ে ফেরার পথেই অভিশপ্ত কামাখ্যা একপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বছর ২২ এর শুভঙ্কর রায়। তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, মা চিত্রা রায়কে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন শুভঙ্কর। সেখান থেকেই ফিরছিলেন দুজন। দুর্ঘটনায় শুভঙ্করের মৃত্যু হলেও তাঁর মা অক্ষতই রয়েছেন। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন চিত্রা দেবী। ময়নাতদন্তের পর তাঁর দেহ আলিপুরদুয়ারে ফিরিয়ে আনা হবে। এলাকায় শান্ত বলেই পরিচিত শুভঙ্করের আকস্মিক প্রয়াণে এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, বেঙ্গালুরু থেকে কামাখ্যার দিকে যাওয়ার পথে কটকে ওই ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, কামাখ্যা এক্সপ্রেসের অন্তত ১১ টি বগি লাইনচ্যুত হয়েছে। লাইনে কোনও গোলমাল থাকায় প্রথমে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। সেই ধাক্কার অভিঘাতে পর পর আরও ১০ টি বগি লাইন থেকে সরে যায়।






