
প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল নাবালিকা। তারই প্রতিশোধ নিতে রাস্তা থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে খুনের অভিযোগে উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার শ্যামনগর এলাকায়। সূত্রের খবর শুক্রবার রাত দশটা নাগাদ টিউশন পড়ে বাড়ি ফিরছিল ওই স্কুলছাত্রী।
সেই সময় শুভ মণ্ডল নামে ওই যুবক তাকে ডাকে। এরপরই রাস্তার উপরেই বচসায় জড়িয়ে যায় দু’জন। অভিযোগ, এরপরেই মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে ওই যুবক। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মেয়েটি। ছুটে আসে আসেপাশের লোকজন। ততক্ষণে গা ঢাকা দিয়েছে ওই তরুণ। স্থানীয়রা তড়িঘড়ি মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের তাহেরপুর থানার শ্যামনগর এলাকাতেই দু’জনের বাড়ি। তাদের দুজনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসে। তার জেরেই হামলা চালায় ওই তরুণ। এই ঘটনা জানাজানি হতেই তুমুল শোরগোল পড়ে এলাকায়।
মেয়েটির পরিবারের পক্ষ থেকে তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘণ্টাখানেকের মধ্যেই অভিযুক্ত ছেলেটিকে গ্রেফতার করে পুলিশ।









