তরুণী খুনে ধৃত প্রেমিক, শ্বশুরবাড়িতে সিভিকের স্ত্রীর দেহ 

0
222
ছবি সৌজন্যে : নিজস্ব
বীরভূমের দুবরাজপুরে জঙ্গল থেকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনার একদিনের মধ্যেই তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত শেখ বাপন, রাজনগরের খাসবাজারের বাসিন্দা।
শেখ বাপন চেন্নাইতে কর্মরত। গত কয়েকমাস বাড়িতে রয়েছে। স্ত্রী অন্তঃসত্ত্বা। সোশাল মিডিয়ায় দুবরাজপুরের ১০ নম্বর ওয়ার্ডে ইসলামপুরের খন্দেকার সালমা বিবির সঙ্গে আলাপ। জানা গিয়েছে, বিয়ের জন্য বাপনকে চাপ দিচ্ছিলেন সালমা। গত শুক্রবার মেলায় আসে দু’জনে। পুলিশ সূত্রে খবর, মেলায় কিছুক্ষণ ঘোরাফেরার পর দু’জনে বাইকে চড়ে রাধামাধবপুর জঙ্গলে যায়। পূর্ব পরিকল্পনামাফিক গলায় ওড়নার ফাঁস দিয়ে তরুণীকে খুন করে বাপন। দেহ জঙ্গলে ফেলে পালিয়ে যায় সে।  এদিকে, শ্বশুরবাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বলাগড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গত পাঁচমাস আগে বলাগড়ের রুকেসপুরের বাসিন্দা পেশায় সিভিক ভলেন্টিয়ার সুভাষ সাঁতরা সঙ্গে বিয়ে হয় মগড়ার বিশপাড়ার রিয়া দাসের। সোমবার সকাল থেকে রিয়ার ঘরের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি শুরু করে তার স্বামী ও শাশুড়ি। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও তার কোন সারা শব্দ না পেয়ে রিয়ার বাপের বাড়ির লোকজনকে ফোন করা হয়।
এরপরেই বাপের বাড়ির লোকজন এসে দরজা ভেঙে দেখে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছে বধূ। এরপরই তাকে সেখান থেকে উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।