প্রেমিকাকে খুন, দেহ কেটে ডাস্টবিনে ফেললেন প্রেমিক!

0
112
ছবি সৌজন্যে : এক্স
১৬ বছর বয়সি প্রেমিকার মুখে বিলিয়ার্ডের বল ঢুকিয়ে খুন করে  ডাস্টবিনে ফেলার অভিযোগ উঠেছে প্রেমিক এবং তাঁর সঙ্গিনীর বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ দু’জনকেই গ্রেফতার করেছে। ফ্লোরিডার বাসিন্দা মিরান্ডা করসেটের সঙ্গে ডেটিং অ্যাপে আলাপ হয় ৩৫ বছর বয়সি স্টিভেন গ্রেসের। আলাপের পর দু’জনের মধ্যে সম্পর্ক গাঢ় হয়ে ওঠে। ১৪ ফেব্রুয়ারি স্টিভেনের সঙ্গেই তাঁর বাড়িতে যায় মিরান্ডা। সারা দিন সেখানে কাটায়। ওই বাড়িতেই ছিলেন স্টিভেনের সঙ্গিনী মিশেল ব্র্যান্ডেসও।
১৫ ফেব্রুয়ারি মিরান্ডা তার দিদার বাড়ি ফিরে যায় ঠিকই, কিন্তু দিন দুয়েকের মধ্যেই আবার স্টিভেনের বাড়িতে চলে আসে। তার পর থেকে সেখানেই থাকতে শুরু করে সে। ২০ ফেব্রুয়ারি, মিরান্ডার সঙ্গে স্টিভেন এবং মিশেলের অশান্তি শুরু হয়। তাঁরা ওই কিশোরীর বিরুদ্ধে আংটি চুরির অভিযোগ তোলেন। তার পর থেকেই মিরান্ডাকে বাড়িতে আটকে রাখেন স্টিভেন। অভিযোগ, সেই সময় তার উপর নানা ভাবে অত্যাচার করা হয়। শেষে মিরান্ডার মুখে বিলিয়ার্ড বল ঢুকিয়ে বাইরে থেকে প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়া হয়। ফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় মিরান্ডার।
তদন্তকারীদের অনুমান, ২০ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে কোনও এক দিন মিরান্ডাকে খুন করা হয়। তার পর তার দেহ অন্য একটি বাড়িতে নিয়ে যান স্টিভেন এবং মিশেল। সেখানেই মিরান্ডার দেহ ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে কাটেন। পরে প্যাকেটে ভরে দেহাংশগুলি একটি ডাস্টবিনে ফেলে দিয়ে আসেন স্টিভেন। মিরান্ডার দেহাংশ খুঁজছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ এবং খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।