
মৃত্যুর ১২ দিন পরেও সৎকার না করে বিচারের চেয়ে ছেলের দেহ আগলে রেখেছেন বাবা। মালদার মানিকচকের ভূতনির ঘটনায় শোরগোল পড়েছে। গ্রামের ক্লাব ঘরে ফ্রিজারে বরফচাপা দেহ পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা।
অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় পুলিশের বিরুদ্ধেও ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে এ মাসের ২ তারিখ মানিকচকের ভূতনির রোজমেরি মিশনারি স্কুলের হস্টেলে ক্লাস এইটের ছাত্র শ্রীকান্ত মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক সাজির হোসেন সহ কয়েকজনের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করেন শ্রীকান্তর বাবা। ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট নন শ্রীকান্তর বাবা। তাই দ্বিতীয়বার দেহের ময়নাতদন্ত করাতেই কিশোরের দেহ সৎকার না করে বরফ দিয়ে আগলে রেখেছেন বাবা।
গ্রামের বাসিন্দারাও রাত দিন এক করে দেহ পাহারায় রয়েছেন। মৃত ছাত্রের বাবা প্রেম কুমার মণ্ডল জানিয়েছেন তাঁর ছেলে কোনওভাবেই আত্মহত্যা করতে পারে না। মেরে ঝুলিয়ে দেওয়া হয়ে। ইতিমধ্যে ছাত্রমৃত্যুর ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।
