সেনেগালকে হারাল ব্রাজিল

0
133
ছবি সৌজন্যে : এক্স

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে জমজমাট আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালকে ২–০ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের তরুণ তারকা এস্তেভাও ও অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো একটি করে গোল করেন।ম্যাচের শুরু থেকেই কার্লো আনচেলোত্তির প্লেয়ারদের আক্রমণধর্মী ফুটবলের ঝড় সামলাতে ব্যস্ত ছিল সেনেগালের ডিফেন্স।

এস্তেভাও, মাথিউস কুনহা, রোদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রদের সমন্বিত আক্রমণে প্রথমার্ধ কার্যত একপেশে হয়ে যায়।কুনহার দুর্দান্ত একটি হেড পোস্টে লাগলে প্রথমবার গোলবঞ্চিত হয় সেলেসাওরা। ২৮ মিনিটে সেই বহু প্রতীক্ষিত লিড এনে দেন এস্তেভাও। ডান দিকের আক্রমণে বল পেয়ে যান ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। সেখান থেকে বাঁ পায়ের নিখুঁত শটে সেনেগাল গোলরক্ষক এদুয়ার্দো মেন্দিকে পরাস্ত করেন তিনি।এটি জাতীয় দলের হয়ে তার ১০ ম্যাচে চতুর্থ গোল।লিড নেওয়ার সাত মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক কাসেমিরো। রোদ্রিগোর ফ্রি-কিক দারুণভাবে কন্ট্রোল নিয়ে ডানদিকের ফাঁকা জায়গা থেকে অসাধারণ কার্ভ শটে বল জড়িয়ে দেন পোস্টের কোণে। দ্বিতীয়ার্ধের শুরুতে ফিরতি গোলের সুযোগ পেয়েছিল সেনেগাল।ব্রাজিল গোলরক্ষক এদেরসনের ভুলে বল পেয়ে ইলিমান এনদিয়ায়ে শট নেন, তবে তা লাগে পোস্টে।

সব চেষ্টা সত্ত্বেও সেনেগালের আক্রমণভাগ ব্রাজিলের রক্ষণে কোনো বাস্তব চাপ তৈরি করতে পারেনি। ৭৫ মিনিটে মানেকে তুলে নিয়ে বদলি নামান কোচ আলিউ সিসে।শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২–০ ব্যবধানেই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।