
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি ব্রাজিল শেষ মুহূর্তের গোলে নাটকীয়তায় সেমিফাইনাল নিশ্চিত করেছে।
কাতারের দোহায় অনুষ্ঠিত ম্যাচে মরক্কোকে ২–১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ব্রাজিল।এই ম্যাচে তাদের নায়ক ওয়েন্ডেসন সান্তোস ডেল। তার জোড়া গোলেই সেমিফাইনালের টিকিট পায় গত আসরের রানার্স আপ ব্রাজিল। ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডেলের দ্রুতগতির আক্রমণে গোল করে দলকে লিড এনে দেন তিনি।তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি পায় মরক্কো।জিয়াদ বাহা স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান। ১–১ সমতায় বিরতিতে যায় দু’ দল।দ্বিতীয়ার্ধে দু’ দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে।তবে নির্ধারিত সময়ে কেউ গোলের দেখা পায়নি।অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আবারও নায়ক ডেল। তার দারুণ গোলে এগিয়ে যায় ব্রাজিল।ভিএআর চেক শেষে রেফারি গোল নিশ্চিত করতেই বাজে শেষ বাঁশি, সেলেসাওদের উৎসব শুরু হয় ২–১ ব্যবধানের জয়ে।
অন্যদিকে আরও তিনটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। অস্ট্রিয়া ১-০ গোলে জাপানকে, ইতালি ১-০ গোলে বুরকিনা ফাসোকে, পর্তুগাল ২-০ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।









