
প্রবল বর্ষণ ও বন্যায় বিধ্বস্ত ব্রাজিলে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ঘরছাড়া প্রায় দেড় লাখ মানুষ।
প্লাবনে তলিয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম। বন্ধ একাধিক বিমানবন্দর ও রেলপথ।জানা গিয়েছে, বন্যার জেরে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুলে জলের তলায় চলে গিয়েছে। এই প্রদেশের রাজধানী তথা ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর পোর্তো আলেগ্রের অবস্থা সবচেয়ে খারাপ। গোটা দেশের সঙ্গে এই শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। গত ৮০ বছরের মধ্যে এটাই ব্রাজিলের সবচেয়ে ভয়াবহ বন্যা। ব্রাজিলের প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ১০০ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ প্রায় ১৩০জন। অন্তত ৪৯৭টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে থামবে তা জানা নেই। চারদিকে এখন শুধু ধবংসের ছবি। এখনও বেশ কিছু অঞ্চলে প্রবল বর্ষণ ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। ফলে উদ্ধারকারী দলের কাজ চালিয়ে যেতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে।
