
রাজস্থানের সিকার এলাকায় বিষাক্ত ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ২৪ জন। অসুস্থদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।
শ্বাসকষ্ট, মাথা ঘোরা এবং অস্বস্তির অভিযোগ করার পর তাদের সকলকে সিকারে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি সকলেই শিল্পাঞ্চল এবং বাস ডিপোর কাছে দূষিত বায়ুর শিকার। যদিও এই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা মাঝে মধ্যেই বিষাক্ত ধোঁয়ার অভিযোগ করে থাকেন।
এই অঞ্চলে যানবাহনের এতটাই দাপাদাপি, সাধারণ মানুষের পথচলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, এই অঞ্চলে দূষণের প্রাথমিক কারণ কাপড় পোড়ানো। যার ফলে দূষণের মাত্রা আরও বেড়ে গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে যাঁদের ভর্তি করা হয়েছিল তাঁদের অবস্থা এখন স্থিতিশীল।






