
পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ মামলায় ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।
তার আগে সুপ্রিম কোর্টের এই রায় তাঁকে বিপাকে ফেলবে বলেই মনে করা হচ্ছে। এই মামলায় ম্যানহাটনের আদালত আগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারক জুয়ান মার্চেন।পরে নির্বাচনে জয়ের পর মামলা প্রত্যাহারের জন্যও আবেদন জানিয়েছিলেন হবু প্রেসিডেন্ট।তাঁর আইনজীবীরা আমেরিকার সুপ্রিম কোর্টের একটি নির্দেশের কথা তুলে ধরেছিলেন ম্যানহাটনের আদালতে।সুপ্রিম কোর্টের ওই নির্দেশ অনুসারে, আমেরিকার প্রেসিডেন্টদের অফিশিয়াল কাজকর্মের আইনি রক্ষাকবচের কথা বলা হয়েছে। তবে সেটি এই মামলায় ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছিলেন ম্যানহাটন আদালতের বিচারক মার্চেন। সুপ্রিম কোর্টও একই কথা জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা ২০ জানুয়ারি পর্যন্ত সাজা পিছিয়ে দেওয়ার আর্জি জানালেও তা খারিজ করে দেয় শীর্ষ আদালত।
আমেরিকার আইন অনুযায়ী এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের জেলের সাজা হওয়ার সম্ভাবনা প্রায় নেই।আর্থিক জরিমানা হতে পারে।বিচারক মার্চেন জানিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের জেল-জরিমানা করবেন না।








