ব্রিকস সম্মেলন শুরু: আলোচনায় ট্রাম্পের শুল্ক

0
171
ছবি সৌজন্যে : এক্স

ব্রাজিলের রিও ডি জেনিরোতে রোববার শুরু হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। এতে সদস্যদেশগুলোর নেতারা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর বাণিজ্যনীতির সমালোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে মধ্যপ্রাচ্য সংকটের বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে নিজেদের মধ্যকার বিভাজন দূর করতে এখনো হিমশিম খাচ্ছে ফোরামটি।

উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই জোট বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক উৎপাদনের ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করে। সম্মেলনের সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু নিয়ে জানাশোনা আছে এমন সূত্রগুলো জানিয়েছে, সদস্যদেশগুলো আমেরিকার অন্যায্য আমদানি শুল্কের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে প্রস্তুত।উল্লেখ্য,চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর মিত্র এবং প্রতিদ্বন্দ্বী উভয়কেই একের পর এক শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন। তাঁর শেষ পদক্ষেপের অংশ হিসেবে পাঠানো চিঠির মাধ্যমে বাণিজ্য অংশীদারদের নতুন শুল্কহার সম্পর্কে জানানো হচ্ছে। ৯ জুলাই থেকে এটি কার্যকর হবে।

উল্লেখ্য ব্রিকসের সদস্যদেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহী। তবে শীর্ষ সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রে আমেরিকা বা দেশটির প্রেসিডেন্টের নাম উল্লেখ করা হবে না বলেই মনে করা হচ্ছে। এরপরও একে ওয়াশিংটনের প্রতি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।