
একনাগাড়ে বৃষ্টি, তারমধ্যেই গুজরাটের ভদোদরায় মহিসাগর নদীর ওপর গম্ভীরা সেতু ভেঙে পড়ে কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে। সেতু থেকে অন্তত চারটি গাড়ি নদীতে পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, গুজরাট এবং সৌরাষ্ট্রের মাঝামাঝি পাডরা-মুজপুর এলাকা সংযোগকারী ওই সেতুটির বয়স ৪৫ বছর। প্রতিদিনই ওই ব্রিজের ওপর দিয়ে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করে।
বুধবার আচমকাই ব্রিজের মাঝের অংশ ভেঙে পড়েছে। একটি ট্যাঙ্কার সেই ভাঙা অংশের মুখে ঝুলছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ভদোদরা থানার পুলিশ। উদ্ধারকাজ শুরু করেছে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। দমকলের বিশেষ মই উদ্ধারকার্যের জন্য ব্যবহার করা হয়েছে। মৃতদের দেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।
আহত ১০ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নদীতে আরও কেউ ভেসে গিয়েছেন কিনা, তার খোঁজে তল্লাশি চলছে। ঘটনাচক্রে, তিন বছর আগে ২০২২ সালে এই গুজরাটের মোরবীতে সেতু ভেঙে পড়ে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।
