
আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে দাঁড়িয়েছেন আইনজীবী বৃন্দা গ্রোভার। দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে বৃন্দা গ্রোভার বলেছেন, কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত তিন মাস ধরে নিয়ম-নীতি মেনেই যাবতীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করা হয়েছে। দায়িত্ব ছাড়ার বিষয়ে নিম্ন আদালতকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃন্দার বক্তব্য, শিয়ালদা আদালতে আর জি করের ধর্ষণ এবং খুনের মামলার বিচারপ্রক্রিয়া চলছে। বিগত কয়েক দিনে ৫১ জনের মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণও শেষ হয়ে গিয়েছে। বাকি দু’-তিন দিনের মধ্যেই বাকি কয়েক জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়ে যাবে। সেপ্টেম্বর মাস থেকে প্রায় তিন মাস আরজি কর মামলার সঙ্গে যুক্ত ছিল বৃন্দার দফতর। বিচারপ্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কারণেই বৃন্দা আর জি কর মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। শুধু সুপ্রিম কোর্টে নয়, শিয়ালদহ আদালতেও আর জি কর মামলার শুনানিতে পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বৃন্দার দফতরের আইনজীবীরা।
এমনকি, বিচারপ্রক্রিয়া শুরুর প্রথম দিন বৃন্দা নিজেও এসেছিলেন শিয়ালদা আদালতে। তারপর প্রতি দিনই তাঁর দফতরের আইনজীবীরা থাকতেন বিচারপ্রক্রিয়ার শুনানিতে।
