
রাশিয়াকে ব্য়ালিস্টিক মিসাইল বিক্রির জেরে ইরানের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। যদিও তা অস্বীকার করেছে ইরান। জানিয়েছে, এই নিষেধাজ্ঞা জারির জবাব দেবে তারা।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র নাসিল কান্নানি এক বিবৃতিতে বলেছেন, ইউরোপের দেশগুলো পশ্চিমের শত্রুতাপূর্ণ নীতি ও আর্থিক সন্ত্রাস অব্যাহত রেখে ইরানের মানুষের প্রতি যে পদক্ষেপ করেছে তার যথাযথ জবাব দেবে তেহরান। সেই সঙ্গেই বিভিন্ন দেশকে ইরানের মিসাইল সরবরাহের যে অভিযোগ, তাকেও উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর দাবি, এই ধরনের রিপোর্ট একেবারেই ভ্রান্ত ও বিভ্রান্তিকর। এর আগে ইরানের বিদেশমন্ত্রীও জানিয়ে দিয়েছিলেন, রাশিয়াকে মোটেই ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেননি তাঁরা।








