
আটলান্টিক থেকে ধেয়ে আসা প্রবল শক্তিশালী ঝড়,গোরটি-এর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে পুরো ব্রিটেন। এই ঝড় ও ভারী তুষারপাতে দেশটি কার্যত অচল অবস্থায় বিরাজ করছে।
ব্রিটেন-র আবহাওয়া অফিস ঝড়টিকে ,মাল্টি-হ্যাজার্ড ওয়েদার বম বা বহুমুখী বিপজ্জনক তুষার বোমা হিসেবে অভিহিত করেছে। সেক্ষেত্রে জারি করা হয়েছে বিরল,রেড ওয়ার্নিং বা, প্রাণহানির সতর্কতা। ব্রিটেনজুড়ে ভয়াবহ শীতঝড় ও টানা তুষারপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। মেট অফিসের রেড ও অ্যাম্বার সতর্কতার মধ্যেই তুষারঝড় অব্যাহত রয়েছে। শক্তিশালী ঝড়ের সঙ্গে ভারী তুষারপাতের ফলে সড়ক, রেলপথ ও আকাশপথে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে।শেষ পরিস্থিতিতে মিডল্যান্ডস, ওয়েলস, উত্তর ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় সড়কে ১০ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে।উঁচু ও পাহাড়ি এলাকায় কোথাও কোথাও বরফের স্তর ৩০ সেন্টিমিটার ছাড়িয়েছে। শহরাঞ্চলেও প্রধান সড়ক ও আবাসিক এলাকায় পুরু বরফ জমে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।বার্মিংহাম, ম্যানচেস্টার, লিডস, শেফিল্ড ও কার্ডিফসহ বিভিন্ন শহরে বসতবাড়ির দরজা ও প্রবেশপথের সামনে বরফ জমে অনেক বাসিন্দা ঘর থেকে বের হতে পারছেন না। বহু এলাকায় সকাল থেকে মানুষকে বাড়ির সামনে কোদাল ও ঝাঁটা দিয়ে বরফ সরাতে দেখা গেছে। রাতে বিভিন্ন শহরের রাস্তায় গাড়ি আটকে থাকার ঘটনাও ঘটেছে। অনেক জায়গায় চালকদের গাড়ি ছেড়ে হেঁটে নিরাপদ স্থানে যেতে দেখা গেছে।
বরফে পিচ্ছিল হয়ে পড়ায় প্রধান সড়ক ও মোটরওয়েতে দুর্ঘটনার আশঙ্কায় পুলিশ একাধিক রুট সাময়িকভাবে বন্ধ করে দেয়।বরফ ও ঝড়ের প্রভাবে রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সীমিত আকারে ট্রেন চললেও অধিকাংশ রুটে দীর্ঘ বিলম্ব ও বাতিলের খবর পাওয়া গেছে। বার্মিংহাম বিমানবন্দর ভারী তুষারপাতের কারণে রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখায় একাধিক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়।






