জালিয়ানওয়ালাবাগ নিয়ে ক্ষমা, দাবি ব্রিটিশ পার্লামেন্টে

0
115
ছবি সৌজন্যে : এক্স

১০৬ বছর পর অবশেষে জালিয়ানওয়ালাবাগে নারকীয় হত্যাকাণ্ডের জন্য ব্রিটিশ সরকারকে সরকারিভাবে ক্ষমা চাইতে বলেছেন,সেদেশেরই বিরোধী দলের সাংসদ বব ব্ল্যাকম্যান। তাঁর কথায়, ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড একটা কালো দাগ। তাই সরকারিভাবে ভারতের কাছে ক্ষমা চাওয়া উচিত ব্রিটেনের। হাউস অফ কমন্সে ভাষণ দিয়েছেন কনজারভেটিভ সাংসদ ব্ল্যাকম্যান। তিনি বলেছেন, ১৯১৯ সালের ১৩ এপ্রিল শান্তিপূর্ণভাবে বহু মানুষ জালিয়ানওয়ালাবাগে একত্রিত হয়েছিল।

পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিল।ঠিক সেই সময়েই ব্রিটিশ সেনাকর্তা জেনারেল ডায়ার নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন। ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়। আহত হন আরও ১ হাজার ২০০জন। সবমিলিয়ে, জেনারেল ডায়ার এবং তাঁর এই কর্মকাণ্ড গোটা ব্রিটিশ সাম্রাজ্যের গায়ে একটা কালো দাগ।জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরে ব্রিটিশ সাংসদের দাবি, এই ন্যক্কারজনক ঘটনার জন্য ভারতের কাছে ক্ষমা চান কিয়ের স্টারমার সরকার। তাঁর কথায়, যা হয়েছে সেই ভুল স্বীকার করে নিয়ে ব্রিটিশ সরকার কি একটা বিবৃতি প্রকাশ করতে পারে না? ভারতের কাছে ক্ষমা চাওয়া যায় না? উল্লেখ্য,বর্তমানে কনজারভেটিভ পার্টি ব্রিটেনের বিরোধী দল।১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ক্ষমতাসীন সরকারের শরিক ছিল তারা।

প্রসঙ্গত,জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০০ বছর পর দুঃখপ্রকাশ করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। তিনি বলেছেন, ওই ঘটনা ব্রিটিশ ভারতের ইতিহাসে বেদনার উদাহরণ ওই হত্যাকাণ্ড এবং তার ফলের জন্য আমরা গভীর ভাবে দুঃখিত।এরপর ভারতে ব্রিটেনের তৎকালীন রাষ্ট্রদূত ডমিনিক আস্কিথ জালিয়ানওয়ালাবাগ মেমোরিয়ালে যান। মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন, একশো বছর আগের সেই গণহত্যার জন্য ব্রিটেন আজও লজ্জিত।