ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী, বৃহস্পতিতে মোদীর সঙ্গে সাক্ষাৎ

0
129
ছবি সৌজন্যে : এক্স
দু’দিনের ভারত সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্ট্যার্মার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি আরও কর্মসূচি রয়েছে তাঁর।
বুধবার সকালে মুম্বই বিমানবন্দরে নেমেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার। তাঁর ভারত সফরে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে তার ইঙ্গিত দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভারতের সঙ্গে ব্রিটেনের সম্প্রতি স্বাক্ষরিত মুক্ত বাণিজ্যচুক্তিতে সম্পূর্ণরূপে ব্যবসা এবং বিনিয়োগই গুরুত্ব পাবে। ভিসা নিয়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে ব্রিটেন প্রধানমন্ত্রী বলেছেন, এটা পরিকল্পনার অংশ নয়। ব্রিটেনের অভিবাসন নীতির কোনও পরিবর্তন হবে না।
ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বার ভারতে এসেছেন স্ট্যার্মার। আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি এখনও ঝুলেই রয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক টানাপড়েন চলছে নয়াদিল্লির। এই চাপানউতরের মাঝেই সম্প্রতি ভারত এবং ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই পরিস্থিতিতে স্টার্মারের ভারত সফর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।