জলপাইগুড়িতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু ভাই-বোনের

0
351
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রবল বৃষ্টিতে জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই শিশুর। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই শিশুর নাম মধুমিতা মোদক ও দেবায়ন মোদক। বেশ কয়েক দিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে।

জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার রাতেও প্রচণ্ড বৃষ্টি চলছিল রাজগঞ্জ ব্লকের সাহু ডাঙির পাঘালুপাড়া এলাকায়। মাটির দেওয়ালের উপর টিনের চালের ঘরে বাবা-মায়ের সঙ্গে থাকত দুই শিশু। প্রতিবেশীর বাড়ির দেওয়াল ভেঙে ওই ঘরের উপর পড়ে। মাটির দেওয়াল ধসে পড়ে শিশুদের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। পরে দ্রুত মাটির দেওয়াল সরিয়ে শিশুদের উদ্ধার করা হয়। ঘটনার কথা শুনে ছুটে যান প্রতিবেশীরাও। দুই শিশুকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যদিও চিকিৎসকরা জানিয়ে দেন অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।