
বেঙ্গালুরুর কেআর পুরম রেলওয়ে স্টেশনের কাছে ধর্ষণের শিকার হয়েছেন বিহারের এক মহিলা। ২ এপ্রিল গভীর রাতে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ, তার ভাইকে আটকে রেখে অভিযুক্তরা তাকে টেনেহিঁচড়ে নিয়ে নির্যাতন চালায়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর পুলিশ।এরা হল আসিফ ও সৈয়দ মুশার।দুজনেই কর্ণাটকের কোলারের মুলাবাগিলু শহরের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী মহিলা কেরালায় কাজ করতেন এবং বিহারে নিজের শহরে ফিরছিলেন। তিনি তার ভাইয়ের সঙ্গে বেঙ্গালুরু রেলস্টেশনে পৌঁছান।রাত দেড়টার দিকে দুজন খাবার কিনতে মহাদেবপুরা এলাকায় যাচ্ছিলেন। পথে দুই ব্যক্তি তাদের পথ আটকে দাঁড়ান। একজন ওই মহিলার ভাইকে আটকে রাখেন।আর অন্যজন মহিলাকে টেনে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালান।পরে স্থানীয়রা মহিলার চিৎকার শুনে এগিয়ে আসে এবং একজন অভিযুক্তকে ধরে ফেলে।
পরবর্তীতে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।ঘটনার খবর পেয়ে রাতের টহলরত মহাদেবপুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরো একজনকে গ্রেপ্তার করে।বেঙ্গালুরু পুলিশের হোয়াইটফিল্ড ডেপুটি কমিশনার জানিয়েছেন,আসিফের বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ আনা হয়েছে এবং সৈয়দ মুশারের বিরুদ্ধে ওই মহিলার ভাইকে আটকে রাখার অভিযোগ রয়েছে। এই বর্বরোচিত ঘটনায় মহাদেবপুরা থানায় মামলা করা হয়েছে।







