
এখন দেখা যাচ্ছে সাদা সিদ্ধ চালের ভাত খেতে অভ্যস্ত বাঙালি পরিবারে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে বাদামি চালের ভাত অর্থাৎ ব্রাউন রাইস। কেউ খাচ্ছেন ওজন কমাতে, কেউ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু প্রশ্ন হল সত্যিই কি ব্রাউন রাইস স্বাস্থ্যের জন্য ভালো?
পুষ্টিবিদদের মতে,ব্রাউন রাইস শুধু স্বাস্থ্যকর নয়, বরং নানা রোগ প্রতিরোধেও সহায়ক।সাধারণ সাদা চালের তুলনায় ব্রাউন রাইসে পুষ্টি উপাদান অনেক বেশি।এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ, সেলেনিয়াম, কপার, ফসফরাসসহ বিভিন্ন প্রয়োজনীয় মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট।ফাইবার ও প্রোটিনের পরিমাণও যথেষ্ট। চলুন জেনে নিই ব্রাউন রাইসের উপকারিতা সম্পর্কে। প্রথমেই বলা ভালো,ব্রাউন রাইসে থাকা ফাইবার ও পলিফেনল নামক উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকায় রক্তে চিনির পরিমাণ হঠাৎ করে বেড়ে যায় না। তাই ডায়াবেটিক রোগীরাও পরিমিত পরিমাণে ব্রাউন রাইস খেতে পারেন। উচ্চমাত্রার ফাইবার ও প্রোটিন থাকার কারণে ব্রাউন রাইস খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে, খিদে কম লাগে। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে, ওজনও নিয়ন্ত্রণে থাকে।অন্যদিকে,ফাইবার খারাপ কোলেস্টেরল কমায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট হার্টকে সুরক্ষা দেয়।ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।ফলে হৃদরোগের ঝুঁকি কমে। তাছাড়া,ফাইবার থাকার কারণে ব্রাউন রাইস কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিকের মতো সমস্যা কমাতে সাহায্য করে। তাই হজমের জন্যও এটি উপকারী। পাশাপাশি,প্রোটিন ও ম্যাগনেসিয়াম হাড় ও পেশিকে শক্তিশালী করে ব্রাউন রাইস। যারা আর্থ্রাইটিসে ভোগেন, তাঁদের জন্যও এটি উপকারী হতে পারে।ব্রাউন রাইসে থাকা ফাইবার ও সেলেনিয়াম উপাদান কোলন, স্তন ও প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বলে গবেষণায় জানা গেছে।ওদিকে,যারা গ্লুটেন সংবেদনশীল, তাদের জন্য ব্রাউন রাইস একটি আদর্শ বিকল্প। এটি হজমে সহায়ক এবং পেটের গোলমাল থেকে দূরে রাখে। সাধারণতঃ,ব্রাউন রাইস প্রায় সবাই খেতে পারেন। তবে যারা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম-এ ভুগছেন, তাদের জন্য এটি সঠিক নাও হতে পারে। ডায়াবেটিক রোগীদেরও পরিমাণ মেনে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
শুধু ব্রাউন রাইস খেলেই হবে না, পুষ্টি সম্পূর্ণ করতে হবে ডাল, শাকসবজি, মাছ-মাংসের মতো খাদ্য উপাদানের সঙ্গে মিলিয়ে। নিয়ম মেনে খেলে ব্রাউন রাইস হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ,যা আপনাকে রাখতে পারে সুস্থ ও ফিট।









