
দু’দিন ঘরবন্দি থাকার পর কলকাতার ভিআইপি রোডের একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে এক বিএসএফ জওয়ানের দেহ।
পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৪৩-র মঙ্গল ভিলান, পাঞ্জাবের বাসিন্দা। দিল্লির সিজিও কমপ্লেক্সে তাঁর কর্মস্থল ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ৩ জুলাই এক মাসের ছুটি নিয়ে বাড়ি গেছিলেন মঙ্গল। ৩ অগাস্ট পাঞ্জাব থেকে বিমানে কলকাতায় আসেন তিনি। ৭ তারিখ কাজে যোগ দেওয়ার কথা থাকলেও দিল্লি ফেরার বদলে কলকাতার ওই হোটেলে উঠেছিলেন। গত দু’দিন ধরে তাঁকে হোটেলের ঘর থেকে বের হতে দেখা যায়নি। এতে সন্দেহ হওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তাঁর নিথর দেহ উদ্ধার করে। প্রাথমিক অনুমান, অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু হয়েছে।
হোটেলে থাকাকালীন প্রায় প্রতিদিনই প্রচুর মদ্যপান করতেন তিনি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে আর জি কর হাসপাতালে।








